সারাবিশ্ব

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলার দাবি জানায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসির দাবি, বাহরাইনের শেখ ঈসা সামরিক ঘাঁটিতে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ইউএস ফিফথ ফ্লিট) অবস্থান করছে। ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির দিক থেকে দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইরানের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। হামলার আশঙ্কায় আগেই দেশটিতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বাহরাইন।

এর আগে গত রোববারও ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার দাবি করেছিল বাহরাইন। সেদিন তেহরান জানিয়েছিল, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের দাবি ছিল, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ জবাব দিতেই ওই হামলা পরিচালনা করা হয়েছিল।

পরপর কয়েক দিনের ব্যবধানে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার দাবি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ও সামরিক স্থাপনা থাকায় এ ধরনের হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে সর্বশেষ হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।