জাতীয়
প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী
দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য আধুনিক ধর্মীয় উপাসনালয়ের সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এ ধরনের পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও তিনি জানতে চান।
জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বীরা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ পাবেন। তবে প্রকল্পটির বাস্তবায়নকাল ও নির্মাণকাজ শুরুর নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে সংসদে বিস্তারিত কিছু জানানো হয়নি।