জাতীয়

সরকারি চাকরিজীবীদের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা নজরদারিতে রাখছে সরকার: তথ্য উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

সরকারি চাকরিজীবীদের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা নজরদারিতে রাখছে সরকার: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রজাতন্ত্রের কর্মচারীরা চাকরিরত অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততায় রয়েছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ বিষয়ে সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের পোশাকের ভেতরেও আওয়ামী লীগ রয়েছে। সরকারের নজরদারি প্রত্যেক জায়গায় সর্বোচ্চ পর্যায়ে আছে।’ তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এটি নিজে কোনো সমস্যা নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালন করছেন, সেটিও স্বাভাবিক বিষয়। কিন্তু প্রজাতন্ত্রের কোনো কর্মচারী চাকরিতে বহাল থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে তা অত্যন্ত গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়গুলো সরকার দ্রুত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনতে পারবে বলে তিনি আশাবাদী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো কর্মসূচি আয়োজনের বিষয়ে উপদেষ্টা বলেন, দলটির নামে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি। বিশেষ করে বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে যাঁদের অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকেই সেখানে যৌথবাহিনী রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে এবং নিশ্চয়ই বিচারের মুখোমুখি করা হবে।’

পুলিশের বলপ্রয়োগের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং আইন অনুযায়ী তাদের সেই ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় যেন অতিরিক্ত বলপ্রয়োগ করা না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি উল্লেখ করেন, অতীতে বিভিন্ন ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে যাতে প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সহিংসতায় জড়িতদের শনাক্তকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার গুরুত্ব দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যে উঠে আসে।