জাতীয়

দক্ষ জনবল ছাড়া শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়া সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

দক্ষ জনবল ছাড়া শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়া সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা আধুনিক প্রযুক্তির ব্যবহার দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত ও অভিজ্ঞ পেশাদার জনবল। দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করতে দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ, মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং ধনী-গরিব কিংবা শহর-গ্রামের ব্যবধান ছাড়াই সবাই সমান গুরুত্ব পাবে।

তিনি বিশেষভাবে দেশে অ্যানেসথেসিওলজিস্ট বা অবেদনবিদ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে বর্তমানে অ্যানেসথেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। জনসংখ্যার তুলনায় এই সংখ্যা অত্যন্ত অপ্রতুল। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে যথাযথ মনোযোগ ও অগ্রাধিকার পায়নি। বিশেষ করে অ্যানেসথেসিওলজি বিভাগে প্রয়োজনীয় জনবল ও প্রশিক্ষণের ঘাটতির কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি মনে করেন, দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল পর্যন্ত পর্যাপ্তসংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া গেলে এ সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, জনবল সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী, আধুনিক ও বৈষম্যহীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে অবকাঠামো ও প্রযুক্তির পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই দেশের প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।