সারাদেশ

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার-গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার-গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি, পুরস্কার আড়াই কোটি টাকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থাপত্যশিল্পে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক অর্জন। প্রকৃতিবান্ধব ও পরিবেশসম্মত নকশার অনন্য নিদর্শন গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান ‘আর্বানা’। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) প্রথমবারের মতো প্রবর্তিত ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’-এর বিজয়ী হিসেবে বাংলাদেশের এই স্থাপত্য প্রকল্পের নাম ঘোষণা করেছে। পুরস্কারটির মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো এ পুরস্কারের বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপন এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারের মোট অর্থের অর্ধেক, অর্থাৎ এক লাখ মার্কিন ডলার পাবেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান ‘আর্বানা’। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। বাকি এক লাখ ডলার ব্যয় করা হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও নতুন করে বনায়ন কার্যক্রম পরিচালনায়। ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোক্তা বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সম্মানে এ উদ্যোগ বাস্তবায়ন করবে অলাভজনক প্রতিষ্ঠান ‘ফুন্দাসিওন গ্রান চাকো’।

মোমার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৩০ বছরের মধ্যে বিশ্বের যেকোনো স্থানে নির্মিত এমন স্থাপত্যকর্ম এই পুরস্কারের জন্য বিবেচিত হয়, যা স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থমূল্যের বিবেচনায় একক স্থাপত্য প্রকল্পের জন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে উল্লেখ করেছে মোমা। প্রথমবারের এই আয়োজনের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৪০টি স্থাপত্য প্রকল্প বাছাই করা হয়। মনোনয়ন ও মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নেন বিভিন্ন দেশের ৩০ জন বিশেষজ্ঞ। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বাংলাদেশের গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন বিচারকেরা।

জানা গেছে, পুরস্কারের জন্য প্রায় এক বছর ধরে স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর বিভিন্ন স্থাপত্যকর্ম পর্যালোচনা করেন আয়োজকেরা। গত অক্টোবর মাসে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর নকশা করা বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থাপনাগুলোর নকশা, নির্মাণপ্রক্রিয়া এবং ব্যবহৃত উপকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। তবে পুরো মূল্যায়ন ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না স্থপতি কাশেফ চৌধুরী।

মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রেন্ডশিপ সেন্টারের নকশার প্রশংসা করে বলেন, আঞ্চলিক নির্মাণরীতি, পানি, উদ্ভিদ এবং স্থানীয়ভাবে পরিচিত নির্মাণসামগ্রী ইটের সমন্বয়ে তৈরি এই স্থাপত্য প্রমাণ করেছে, সীমিত উপকরণ ব্যবহার করেও একটি সমৃদ্ধ ও নান্দনিক স্থাপত্য অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। তাঁর মতে, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে স্থাপত্যের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ফ্রেন্ডশিপ সেন্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

প্রকৃতির সঙ্গে মিশে থাকা ব্যতিক্রমী স্থাপত্য ফ্রেন্ডশিপ সেন্টার

গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টার। ব্রহ্মপুত্র-যমুনা নদীবিধৌত বদ্বীপ অঞ্চলে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য এই কেন্দ্র নির্মাণ করা হয়। ২০০৮ সালে শুরু হওয়া প্রকল্পটির নকশা ও নির্মাণকাজ ২০১১ সালের মধ্যে সম্পন্ন হয়।

প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই স্থাপত্য কমপ্লেক্সের মোট ভবন এলাকা প্রায় ৩১ হাজার বর্গফুট। এর নকশায় বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক নগরী মহাস্থানগড়ের স্থাপত্যশৈলী থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের হাতে তৈরি ইট দিয়ে নির্মিত পুরো কমপ্লেক্সে রয়েছে খোলা উঠান, নান্দনিক খিলান, সবুজ বাগান, জলাধার এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন স্থাপত্য উপাদান।

ফ্রেন্ডশিপ সেন্টার মূলত দুটি চতুর্ভুজ আকৃতির ব্লকে বিভক্ত। এর একটি অংশে রয়েছে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও ধ্যানের জায়গা। অন্য অংশে রয়েছে অতিথি ও প্রশিক্ষণার্থীদের আবাসন এবং খাবারের ব্যবস্থা। ভবনটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর সবুজ ছাদ। ছাদের ওপর ঘাস লাগানো হয়েছে, যা দূর থেকে ভবনটিকে আশপাশের সবুজ মাঠের সঙ্গে একাকার করে দেয়। ফলে স্থাপনাটি কেবল একটি ভবন হিসেবে নয়, বরং প্রাকৃতিক পরিবেশেরই একটি অংশ হিসেবে দৃশ্যমান হয়।

নকশার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় জলবায়ু ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ ব্যয় এবং জ্বালানির ব্যবহার কমিয়ে আনা। বন্যাপ্রবণ ও দুর্বল মাটির এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে সাধারণত ব্যয়বহুল উঁচু ভিত্তি তৈরি করতে হয়। তবে ফ্রেন্ডশিপ সেন্টারের ক্ষেত্রে সেই প্রচলিত পদ্ধতির পরিবর্তে চারপাশের মাটি সংকুচিত করে বাঁধের মতো কাঠামো তৈরি করা হয়েছে। এর ভেতরের নিচু জমিকে কাজে লাগিয়েই গড়ে তোলা হয়েছে পুরো স্থাপত্য কমপ্লেক্স।

এ ছাড়া ভবনের ছাদে সবুজ ঘাস, খোলা উঠান এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তৈরি জলাধার পরিবেশকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবনের ভেতরে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এসব নকশাগত বৈশিষ্ট্যের কারণে ব্যয়বহুল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই ভবনের অভ্যন্তরে আরামদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে পানি, মাটি, উদ্ভিদ ও স্থানীয় নির্মাণসামগ্রীর কার্যকর ব্যবহার স্থাপনাটিকে পরিবেশবান্ধব স্থাপত্যের একটি অনন্য উদাহরণে পরিণত করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে ফ্রেন্ডশিপ সেন্টারের স্বীকৃতি অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১২ সালে স্থাপত্যবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’-এর উদীয়মান স্থাপত্য পুরস্কার অর্জন করে প্রকল্পটি। এরপর ২০১৬ সালে বিশ্বের অন্যতম সম্মানজনক ‘আগা খান স্থাপত্য পুরস্কার’ লাভ করে ফ্রেন্ডশিপ সেন্টার। এবার মোমার আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্থাপত্যজগতে বাংলাদেশের এই প্রকল্পের অবস্থান আরও সুদৃঢ় হলো।

নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের অনুভূতি জানতে চাইলে স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ পুরস্কার খুব সম্মানের। আর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তখন আনন্দটা আরও বেশি হয়।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নামটি উঠে এসেছে। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই আমাদের বড় পাওয়া।’

গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে নির্মিত একটি পরিবেশবান্ধব স্থাপত্য প্রকল্পের এমন আন্তর্জাতিক স্বীকৃতি শুধু স্থপতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের স্থাপত্যশিল্পের জন্যও এক বড় সম্মান। স্থানীয় উপকরণ, প্রকৃতিনির্ভর নকশা এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলীর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্ষমতা ও সৃজনশীলতাকে নতুন করে তুলে ধরেছে ফ্রেন্ডশিপ সেন্টার।