জাতীয়
খাদ্যে ভেজাল রোধে আসছে আরও কঠোর আইন, চার মাসে জরিমানা ৩ কোটি ৫৫ লাখ টাকা
খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিয়মিত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা, অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে খাদ্যে ভেজাল ও অন্যান্য অনিয়মের ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে রাজশাহী-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপদ খাদ্য সম্পর্কে শিশুদের সচেতন করা এবং নারীদের অংশগ্রহণে সভা-সমাবেশসহ বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরকারের নেওয়া পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, খাদ্যে ভেজাল শনাক্ত এবং খাদ্যপণ্যের গুণগত মান যাচাই করতে সরকারি স্বীকৃত পরীক্ষাগারে ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে ৪ হাজার ৭৮৭টি এবং জেলা পর্যায়ের মিনিল্যাবে ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার মাধ্যমে খাদ্যপণ্যের বিভিন্ন অনিয়ম শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর মতে, এ সমস্যা স্থায়ীভাবে দূর করতে হলে মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও বিবেকবোধ জাগ্রত করতে হবে। একই সঙ্গে ভেজালকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যমান আইনের পাশাপাশি নতুন ও কঠোর আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে তিনি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে আইনমন্ত্রী জানান, খাদ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত কোনো আইনের প্রস্তাব পাঠানো হলে তা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হবে। জনস্বার্থ ও বর্তমান সময়ের প্রয়োজন বিবেচনায় প্রস্তাবিত আইনকে আরও যুগোপযোগী ও জনকল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ময়মনসিংহ-১০ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী দেশের খাদ্য পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, খাদ্যপণ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান ও ক্ষতিকর দূষক শনাক্ত করার জন্য পরীক্ষাগারগুলোর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং খুলনা ও চট্টগ্রামে দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে খাদ্যপণ্যের গুণগত মান এবং নিরাপত্তা যাচাইয়ের কার্যক্রম আরও নির্ভুল ও কার্যকর হবে।
সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে খাদ্যে ভেজাল শনাক্তকরণ, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে দেশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।