রাজনীতি

পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, গোপনে নাশকতা চালাচ্ছে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, গোপনে নাশকতা চালাচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশের ভেতরে ও বাইরে অবস্থান করে পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে পতনের পরও এসব শক্তি তাদের তৎপরতা বন্ধ করেনি। বরং গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের সড়ক-মহাসড়ক ও রেলপথকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের অভ্যন্তরে থাকা তাদের অনুসারীদের পাশাপাশি বিদেশে অবস্থানরত ব্যক্তিরাও এসব কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার অপচেষ্টা চলছে।

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হওয়ার বিষয়টি আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। তিনি দেশে ফিরে এলে তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে।

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তির মালিকানাধীন তৈরি পোশাকশিল্পেও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের সামগ্রিক স্বার্থ উপেক্ষা করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ ধরনের অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এ ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা জরুরি।