রাজনীতি
‘ফ্যাসিবাদী শক্তির উত্থান আর হতে দেওয়া হবে না’: ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নানা ষড়যন্ত্র, বাধা ও নির্যাতনের মুখেও সংগঠনের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। ভবিষ্যতেও কোনো অপশক্তি জামায়াতের অগ্রযাত্রা রুখতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নয়াসড়ক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করছে। তবে গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান সরকারি দল শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করছে। তারা পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদ এবং রাজপথে সোচ্চার রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে ড. হামিদুর রহমান আযাদ বলেন, প্রত্যেক নেতাকর্মীকে ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার উন্নয়নে মনোযোগী হতে হবে। সংগঠনের দায়িত্ব কোনো পদমর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মান অর্জনের মাধ্যম নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। তাই প্রত্যেক দায়িত্বশীলকে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. ফখরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন। এ ছাড়া মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন।
সমাবেশের একপর্যায়ে মহানগরীর নবগঠিত সাংগঠনিক থানাগুলোর আমিরদের শপথবাক্য পাঠ করান মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা জোরদারের প্রত্যয় নিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়।