জাতীয়
শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় বন্ধ ১৪৭ পোশাক কারখানা, জানালেন বিজিএমইএ সভাপতি
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলার কারণে এখন পর্যন্ত ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ সভাপতি বলেন, দেশের পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের অন্যতম এই খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
তিনি অভিযোগ করেন, দেশের পোশাকশিল্প ও সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, বিজিএমইএ কিংবা বিকেএমইএ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন নয়। সংগঠনগুলোর নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। দেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, পোশাকশিল্পের স্বার্থে সেই সরকারের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করাই সংগঠনের লক্ষ্য।
পোশাকশিল্পে চলমান অস্থিরতার সময়কাল তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে এর আগেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে শুরু করে।
তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পরও যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মাহমুদ হাসান খানের ভাষ্য অনুযায়ী, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও শিল্প খাতে অস্থিরতা অব্যাহত থাকার পেছনে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো মহলের ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, পোশাকশিল্পের মালিকসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে আগ্রহী। শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, যেকোনো দাবি বা সমস্যা সমাধানে আইনসম্মত ও শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত।