রাজনীতি
সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন, সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের প্রকৃত অর্থে ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়েই তারা বিচ্ছিন্নভাবে চলাফেরা করে। এমনকি তাদের জীবনযাপন অনেকটা জঙ্গলে বসবাসকারী বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মতো।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গালিগালাজ ও অসম্মানজনক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তবে অনেকের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা হলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের কথিত মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত-শিবির তাদের ছদ্মবেশী অবস্থান থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে তাদের প্রকৃত চরিত্র সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে। তাঁর ভাষ্য, দলটির আমির থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত অধিকাংশের আচরণে একই ধরনের প্রবণতা দেখা যায়। তারা কখনো যুক্তি কিংবা তথ্য দিয়ে সমালোচনার জবাব দেয় না; বরং সম্মিলিতভাবে সাইবার আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘবদ্ধভাবে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, তিনি যখন একের পর এক তাদের কথিত মিথ্যা ন্যারেটিভের জবাব দিচ্ছেন এবং সেগুলো জনসমক্ষে তুলে ধরছেন, তখন দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যের মধ্য দিয়েও বিষয়টি বোঝা যায় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, নিজেদের ‘জান্নাতি দল’ হিসেবে উপস্থাপন করে জামায়াত যে বয়ান তৈরি করেছে, তাঁর বক্তব্যে সেই বয়ান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাশেদ খাঁন আরও দাবি করেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার কথিত গোপন বৈঠকের তথ্য-প্রমাণ সামনে আনা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে আসার পর দলটির নেতাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই জামায়াত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত বিরোধী দলে যাওয়ার পর থেকে দলটি ও ছাত্রসংগঠন শিবিরের কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তাদের কথাবার্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে একধরনের ‘জাহেলিয়াতি’ প্রকাশ পাচ্ছে। তাঁর দাবি, সময়ের সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হবে, যখন সাধারণ মানুষ জামায়াত-শিবিরের ধারেকাছেও যেতে চাইবে না।