রাজনীতি

৩৬ দিনের আন্দোলনে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বিতাড়িত করেছি: শিবির সেক্রেটারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পিএম

৩৬ দিনের আন্দোলনে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বিতাড়িত করেছি: শিবির সেক্রেটারি
ছবি: সংগৃহীত

৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, এ জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় নতুন প্রজন্মকেও সংগ্রামী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা দুঃখ-কষ্ট ও দুর্দশার মধ্য দিয়ে জীবনযাপন করছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে। গত ১৬ বছরে দেশ নতজানু পররাষ্ট্রনীতির সাক্ষী হয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষ প্রতিবাদ ও সংগ্রাম থেকে পিছিয়ে যায়নি।

তিনি আরও বলেন, পলাশীর যুদ্ধে পরাজয়ের পর বক্সারের যুদ্ধে আবারও লড়াই হয়েছে। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার সংগ্রাম, বালাকোটের যুদ্ধ এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ বাংলাদেশের উপমহাদেশীয় সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ দেশের মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা এখনো অটুট রয়েছে। ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোর অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ছাত্রশিবিরের এই নেতা বলেন, একসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পেতেন। আবাসিক হলের গেস্টরুমকেন্দ্রিক নির্যাতন ও ভীতিকর পরিবেশের কারণে অনেক শিক্ষার্থীর বড় বড় স্বপ্ন একদিনেই ভেঙে যেত। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতেও দেশ নতুন কিছু সংকটের মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সমস্যা তৈরি হয়েছে এবং বেকারত্ব ক্রমেই বাড়ছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে উচ্চশিক্ষা সম্পন্ন করার পরও অনেক তরুণকে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হচ্ছে। এই সংকট মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি।

সাম্প্রতিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, কয়েক দিন আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলন হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসির মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু সেই প্রক্রিয়া পরিবর্তন করে শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, এসব কমিটিতে দলীয় পরিচয়ের ভিত্তিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের নিজেদের যোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তাদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অর্থের বিনিময়ে নিয়োগ-বাণিজ্যের সুযোগ তৈরি হতো। এর ফলে মেধা ও যোগ্যতার পরিবর্তে অর্থ ও রাজনৈতিক প্রভাব নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেত। শেষ পর্যন্ত যোগ্য ও মেধাবী শিক্ষক নির্বাচনের পথ বাধাগ্রস্ত হতো এবং ক্ষতিগ্রস্ত হতো দেশের শিক্ষা ব্যবস্থা।

অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলমের বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল মঈন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।