রাজনীতি
সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন এমপি মাহমুদা মিতু
গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুধু সাম্প্রতিক সময়েই নয়, এর আগেও একাধিকবার তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন এই সংসদ সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু হত্যার হুমকি পাওয়ার বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি। এ সময় হোয়াটসঅ্যাপে পাঠানো হুমকিমূলক কয়েকটি বার্তার স্ক্রিনশটও পোস্টের সঙ্গে সংযুক্ত করেন।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, আগের দিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা সংসদে সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ‘তুই-তোকারি’ ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে। এ ধরনের আচরণ তাঁকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।
সংসদ সদস্য হান্নান মাসউদকে বারবার ‘বসো’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধন করার প্রসঙ্গ তুলে মাহমুদা মিতু জানান, ওই সময় তিনি চিৎকার করে নিজের ওপর আসা হত্যার হুমকি এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকির অভিজ্ঞতার কথা তুলে ধরছিলেন। তাঁর মতে, নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে থেকে রাজনীতি করতে কতটা সাহস ও মানসিক দৃঢ়তার প্রয়োজন, তা আপস করে চলা ব্যক্তিদের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়।
নিজের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি আরও লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও একাধিকবার একই ধরনের হুমকি পেয়েছেন তিনি। হুমকির বিষয়টি প্রকাশ্যে আনার পরও তা যথাযথ গুরুত্ব না পেয়ে নুসরাতের ঘটনার মতোই অবহেলা বা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’ তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তাহীনতা এবং হুমকির বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।