সারাবিশ্ব

রসগোল্লা ভেবে মুখে বোমা! বিস্ফোরণে প্রাণ গেল ৩৫ বছর বয়সী যুবকের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

রসগোল্লা ভেবে মুখে বোমা! বিস্ফোরণে প্রাণ গেল ৩৫ বছর বয়সী যুবকের
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর দেশি বোমা বিস্ফোরণে রাজেন্দ্র বারৌটিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি বিশেষ ধরনের বিস্ফোরককে মিষ্টি মনে করে মুখে দেওয়ার পরই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। মঙ্গলবার মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাজেন্দ্র বারৌটিয়া গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি তাকে মিষ্টির মতো দেখতে একটি বস্তু খেতে দেন। দেখতে রসগোল্লার মতো হওয়ায় সেটিকে মিষ্টি ভেবে মুখে তুলে নেন ৩৫ বছর বয়সী রাজেন্দ্র। কিন্তু বস্তুটি আসলে কোনো মিষ্টি ছিল না, সেটি ছিল বুনো শূকর শিকারের কাজে ব্যবহৃত ঘরে তৈরি একটি দেশি বোমা। মুখে দেওয়ার পরপরই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বোমা বিস্ফোরণে রাজেন্দ্র গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে আঘাতের ভয়াবহতার কারণে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা রেখা সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, ওই এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বুনো শূকর শিকারের জন্য এ ধরনের দেশি বিস্ফোরক ব্যবহার করেন। শিকারের উদ্দেশ্যে তৈরি এমনই একটি বিস্ফোরক রাজেন্দ্রকে খেতে দেওয়া হয়েছিল। তবে তাকে সেটি দেওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা রেখা সিং জানান, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে রাজেন্দ্রকে হত্যা করতে চেয়েছিলেন, নাকি নিছক দুষ্টুমি বা মজা করার উদ্দেশ্যে তার হাতে বিস্ফোরকটি তুলে দিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভারতের মধ্যপ্রদেশের কয়েকটি অঞ্চলে বুনো শূকর শিকারের জন্য স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ব্যবহার করা হয়। আতশবাজি কিংবা পাথর খনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে ভরে এসব বিস্ফোরক তৈরি করা হয়। বাইরে থেকে দেখতে অনেকটা রসগোল্লার মতো হওয়ায় সেটিকে মিষ্টি বলে ভুল করার সুযোগ তৈরি হয়। এমনই একটি বিস্ফোরক মিষ্টি ভেবে মুখে দেওয়ার কারণেই প্রাণ হারাতে হলো রাজেন্দ্র বারৌটিয়াকে।