জাতীয়
পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল দিয়ে বরণ করার চেষ্টা চলছে: আইনমন্ত্রী
ভয়ের পরিবেশ সৃষ্টি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো পলাতক ফ্যাসিস্টকে এ দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দেবে না।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংবাদিকতার দায়িত্বশীলতা নিয়ে বক্তব্য দেন।
আইনমন্ত্রী বলেন, গত নয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সঙ্গে গুমের ঘটনাও বন্ধ হয়েছে। পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দেশে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, যারা এসব হামলার সঙ্গে জড়িত, তাদের অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের তথ্য সাংবাদিকদের কাছেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সাংবাদিকতার মর্যাদা ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি, মাদক ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভীকভাবে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজ ও ইতিবাচক উদ্যোগগুলোও বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনও বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। জামায়াতের আমিরের সংসদীয় বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে সংসদে কারও সম্পর্কে এ ধরনের আপত্তিকর মন্তব্য করা সম্ভব নয়।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এসব ঘটনায় উসকানি দিচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার অভিযোগ তোলেন রাশেদ খাঁন। এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সংসদে জামায়াতের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই বিশেষ রাজনৈতিক সহকারী।
অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।