জাতীয়
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাবে সরকারের অনুমোদন
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এলএনজি আমদানি সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অনুমোদিত একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি পৃথক খসড়া সাইড লেটার চুক্তি স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যমান দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও এসপিএ-২) এবং স্বল্পমেয়াদি চুক্তি (এসপিএ-৩)-এর আওতায় এসব সাইড লেটার স্বাক্ষর করা হবে। অর্থাৎ, বিদ্যমান তিনটি চুক্তির প্রতিটির অধীনেই পৃথকভাবে সাইড লেটার স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমদানির কার্গোর সংখ্যা বাড়ানো বা কমানোর সুযোগ রাখা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পেন্টিটিউড এনার্জির কাছ থেকে আমদানি করা এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের নির্ধারিত দরের তুলনায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ০.১৮ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের এই মূল্যসূচকের সঙ্গে সমন্বয় করে এলএনজি আমদানির মূল্য নির্ধারণ করা হবে।
জ্বালানি খাতের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করে থাকে বাংলাদেশ। ওমান ও মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের আমদানির বিষয়টি এগিয়ে নিতে প্রস্তাব দুটি সভায় উপস্থাপন করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।