রাজনীতি
ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে: হুইপ দুলু
প্রশাসন ও পুলিশ বাহিনীতে এখনো অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, প্রশাসন ও পুলিশে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার পর জরুরি ভিত্তিতে তাঁদের চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবি জানানো হয়।
বক্তব্যে হুইপ দুলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন, অর্থনৈতিক পুনর্গঠন এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত ১৮ থেকে ২০ বছরে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সৃষ্ট সংকট কাটিয়ে দেশকে পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে একটি স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, বিগত সরকারের সময়ে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে। বিদ্যুৎ খাতের সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বর্তমান প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলা এবং দেশের অর্থনীতিকে পুনরায় সচল করাই সরকারের অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। গভীর রাতে অগ্নিসংযোগ, সহিংসতা, বিশৃঙ্খলা ও নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হুইপ দুলু আরও বলেন, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জনগণ, বিএনপি এবং বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে।
সমাবেশে ফ্যাসিবাদমুক্ত প্রশাসন গঠন, সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।