সারাবিশ্ব

‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ, কোথাও মার্কিন বাহিনী আশ্রয় পাবে না’, হুঁশিয়ারি ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ, কোথাও মার্কিন বাহিনী আশ্রয় পাবে না’, হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন মার্কিন সামরিক আগ্রাসনে অংশ নেওয়া ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মোহসেন রেজায়ি। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়িয়ে পড়লে সেই অভিযানে অংশ নেওয়া দেশটির সব সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত কোনো মার্কিন সামরিক স্থাপনাই এ ক্ষেত্রে নিরাপদ থাকবে না।

নিজের পোস্টে রেজায়ি আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করে, তাহলে এই আগ্রাসনের সঙ্গে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি-পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত-ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’ তিনি সতর্ক করে বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই, কোনো নিরাপদ আশ্রয় নেই, এমনকি দায়মুক্তিরও সুযোগ নেই।’

এর আগে গত মাসের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সম্ভাব্য যেকোনো শত্রু হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশ দেন। এ ধরনের প্রতিক্রিয়ার ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলেও জানানো হয়। সর্বোচ্চ নেতার এ নির্দেশনার মধ্য দিয়ে সম্ভাব্য সামরিক সংঘাত মোকাবিলায় ইরানের কঠোর অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে বুধবার আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন মোহসেন রেজায়ি। তিনি বলেন, অঞ্চলে যেকোনো ধরনের শত্রুতা বন্ধের উদ্যোগ নিতে হলে পশ্চিম এশিয়ার সব রণাঙ্গনকে এর আওতায় আনতে হবে। বিশেষ করে লেবাননে চলমান সংঘাতের বিষয়টিও আলোচনার অন্তর্ভুক্ত করা জরুরি।

সাক্ষাৎকারে রেজায়ি আবারও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়, তাহলে দেশটির সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে তেহরান। শুধু ইরানের আশপাশে অবস্থিত মার্কিন ঘাঁটিই নয়, দেশটি থেকে অনেক দূরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোও সম্ভাব্য হামলার আওতায় থাকবে।

ইরানি কর্মকর্তার এই বক্তব্যে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর সামরিক বার্তা আরও জোরালো হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত, লেবাননের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।