জাতীয়

কৃষকদের সুবিধায় ২০ জেলায় ৮০টি নতুন মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

কৃষকদের সুবিধায় ২০ জেলায় ৮০টি নতুন মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার
ছবি: সংগৃহীত

কৃষিপণ্য সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আমদানিনির্ভরতা কমাতে দেশের ২০টি জেলায় ৪০টি উপজেলার কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্দিষ্ট প্রকল্পের আওতায় নতুন করে এসব সংরক্ষণাগার নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কৃষিপণ্য সংরক্ষণব্যবস্থা জোরদার এবং আমদানিনির্ভরতা হ্রাসের লক্ষ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এসব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এর মাধ্যমে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ পাবেন। ফলে ফসল উৎপাদনের মৌসুমে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে কম দামে পণ্য বিক্রির চাপ কমানো এবং পরবর্তী সময়ে বাজারজাতকরণের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, কৃষকদের জন্য ইতোমধ্যে ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক আরেকটি প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এসব ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।

কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণনব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করতে নতুন একটি প্রকল্প গ্রহণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণনব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় সারা দেশে ৫ হাজার সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি সংরক্ষণাগারের ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে ২০ মেট্রিক টন।

মন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে মোট ৩১টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় একটি হিমাগার রয়েছে, যার ধারণক্ষমতা ১ হাজার মেট্রিক টন। এটি মূলত আলুর বীজ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। তবে বর্তমানে বিএডিসির নতুন কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুযোগ বাড়বে এবং ফসল তোলার পরপরই কম দামে পণ্য বিক্রি করার প্রবণতা কমতে পারে। পাশাপাশি কৃষিপণ্যের অপচয় রোধ, সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধিতেও মিনি কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।