জাতীয়
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিজ ভূমিতে নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই দীর্ঘদিনের এ সংকটের কার্যকর ও স্থায়ী সমাধান সম্ভব।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হাসান উজ্জামান খান, কাউন্সিলর মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, পার্লামেন্টারি গবেষক এবং অর্ফানস ইন নিডের হেড অব ফান্ডরেইজিং আলতাফ হুসাইন।
সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কেবল প্রত্যাবাসনই যথেষ্ট নয়, বরং মিয়ানমারে ফিরে যাওয়ার পর তাদের নিরাপত্তা, অধিকার ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ হলেই প্রত্যাবাসন টেকসই হবে এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সংকটের একটি স্থায়ী সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তারা।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।