জাতীয়
চিকিৎসানির্ভরতা কমিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ার তাগিদ প্রতিমন্ত্রীর
টেকসই ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে শুধু রোগের চিকিৎসা কিংবা সাময়িক সংকট মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য স্বাস্থ্য খাতের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও মাঠপর্যায়ের কার্যক্রমে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করার পর সাময়িকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সংকট দেখা দেওয়ার পর ব্যবস্থা গ্রহণ করে একটি টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতার বিকল্প নেই।
গত কয়েক মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দায়িত্ব গ্রহণের পর গত আট মাসে মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। অনেকটা ফায়ার ফাইটিংয়ের মতো পরিস্থিতি সামাল দিতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে সরকারকে।
তিনি বলেন, মাত্র এক মাসের মধ্যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় দুই কোটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে টিকার সংরক্ষণ ও পরিবহনের জন্য প্রয়োজনীয় কোল্ড চেইন নিশ্চিত করা মোটেও সহজ কাজ ছিল না। এটি কেবল চিকিৎসকদের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। এ ধরনের বৃহৎ কর্মসূচি সফল করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দক্ষ অপারেশনাল পরিকল্পনা, ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হতো। জেলা পর্যায়ে দক্ষ জনবল নিশ্চিত করা গেলে স্থানীয় স্বাস্থ্য সমস্যাগুলো চিহ্নিত করা এবং সে অনুযায়ী কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও জনবলসংকটের বিষয়েও কথা বলেন ড. এম এ মুহিত। তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকার কেনাকাটা ও অবকাঠামো উন্নয়ন করা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অনেক ক্ষেত্রে এসব অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। এ ছাড়া আন্তর্জাতিকভাবে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার প্রয়োজনীয়তার কথা বলা হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশের সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক ও নার্সের অনুপাত প্রায় সমান পর্যায়ে রয়ে গেছে। অর্থাৎ একজন চিকিৎসকের বিপরীতে প্রায় একজন নার্স রয়েছেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। শুধু চিকিৎসাসেবা সম্প্রসারণ নয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নেও বিশেষজ্ঞদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে অঙ্গীকার নির্বাচনি ইশতেহারে করা হয়েছে, তার অন্যতম ভিত্তি হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনবল তৈরি এবং স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।
তিনি জানান, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি, দেশের রোগতাত্ত্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং রোগী রেফারেল ও স্বাস্থ্যসেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। প্রতিষ্ঠানটির গবেষণার মান ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাময়িকীটির সেই স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ ছাড়া ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীরা যেন শুধু শ্রেণিকক্ষের পাঠেই সীমাবদ্ধ না থাকেন, বরং সরাসরি মাঠপর্যায়ে গিয়ে কাজ করার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।
সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে গুরুত্ব দিচ্ছেন, তা অত্যন্ত প্রয়োজনীয়। দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার বিকল্প নেই।