সারাদেশ

চট্টগ্রামে পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

চট্টগ্রামে পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পৃথক সময়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে আগুন দেওয়ার সময় বাস দুটিতে কোনো যাত্রী কিংবা চালক ছিলেন না। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়।

এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরের সাগরিকা এলাকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।

এদিকে, চট্টগ্রাম নগরে এর আগেও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন লাগে। একই রাতে নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনার কারণে নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, অগ্নিসংযোগের শিকার বাসগুলোর একটি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।