সারাদেশ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপি-ছাত্রদলের সাবেক তিন নেতা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপি-ছাত্রদলের সাবেক তিন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মহসিন প্রকাশ সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে ফাবিয়াতুল ফারাবি (২৪)। তাঁদের মধ্যে মহসিন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফাবিয়াতুল ফারাবি ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। ফারাবির বাবা ফরিদুল ইসলাম ইউনিয়ন বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। দলীয় বিভিন্ন অনুষ্ঠান, সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়ে তাঁদের সামনের সারিতে দেখা যেত। তবে সার পাচারের ঘটনায় তাঁদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগটি এখন তদন্তাধীন।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সার পাচারের তিনটি বড় চালান জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তাঁদের দেওয়া তথ্য এবং জব্দ করা মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচারের চেষ্টা করে আসছিল। পুলিশের তথ্য অনুযায়ী, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন সার পাচারের চালানের বিষয়টি শওকত আকবর সোহাগকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে শওকত আকবর সোহাগ মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, ওই পরিকল্পনা বাস্তবায়নে ফাবিয়াতুল ফারাবিসহ গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করেন। এ ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সার পাচারের ঘটনায় দলীয় পরিচয়ধারী কয়েকজনের গ্রেপ্তার ও তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, ইউরিয়া সার দেশের সম্পদ। সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে এ সার সরবরাহ করে। অধিক মুনাফার আশায় এই সার পাচার করা অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। সার পাচারে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অপরাধীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পক্ষে।

তিনি আরও জানান, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও মিরসরাইয়ের উপকূলীয় বিভিন্ন এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের একাধিক চেষ্টা নস্যাৎ করা হয়েছে। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়। সারগুলো বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ভোরে উপজেলার মুহুরী প্রকল্পের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্পট্রাক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে অভিযান চালিয়ে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক এবং পাচারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

পরপর এসব অভিযানে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ ও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় মিরসরাইয়ের উপকূলীয় এলাকাকে কেন্দ্র করে সংঘবদ্ধ সার পাচার চক্রের তৎপরতার বিষয়টি সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।