ক্যাম্পাস
তিতুমীর নাট্যদলের নতুন নেতৃত্বে ফাতেমা দিবা ও প্রান্ত নয়ন
তিতুমীর নাট্যদলের নতুন পরিচালনা পরিষদ (২০২৬-২০২৭) ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সভাপতির দায়িত্বে ফাতেমা দিবা ও সাধারণ সম্পাদক পদে প্রান্ত নয়ন। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির নাট্যচর্চা, সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সকলের।
নবগঠিত পরিচালনা পরিষদে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রহমান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক উৎস রায়, অর্থ সম্পাদক ইসরাত জাহান তরু, তথ্য ও প্রচার সম্পাদক মহিদুল হক আবির, দপ্তর সম্পাদক হৃদয় মণ্ডল এবং প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন রয় সাইমন। পাশাপাশি পরিচালনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আরও তিনজন।
নতুন কমিটির প্রতি আস্থা ও শুভকামনা জানিয়েছেন তিতুমীর নাট্যদলের মডারেটর এবং ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আহাম্মেদ আলী মোল্লা। তিনি বলেন, নতুন কমিটির হাত ধরে তিতুমীর নাট্যদল অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য তাঁর দোয়া ও শুভকামনা রয়েছে।
অন্যদিকে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদ্য বিদায়ী সভাপতি ওলিউল্লাহ তুহিন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেন, নিজের স্বপ্নের ও প্রিয় সংগঠনকে যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে পেরে তিনি আনন্দিত। তাঁর বিশ্বাস, নতুন কমিটি তিতুমীর নাট্যদলকে আরও এগিয়ে নেবে। সমাজ পরিবর্তন এবং সংস্কৃতির বিকাশে সংগঠনটি যুগের পর যুগ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। নতুন কমিটির সদস্যদের প্রতি ভালোবাসা ও শুভকামনাও জানান বিদায়ী সভাপতি।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রুবাইয়াত মিমু বলেন, দায়িত্ব একটি বড় বিষয়। নতুন কমিটির প্রত্যেক সদস্যই দক্ষ ও অভিজ্ঞ। তাঁরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন পরিচালনা পরিষদকে ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন নেতৃত্বের পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় তিতুমীর নাট্যদল নাট্যচর্চার পাশাপাশি সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।