সারাবিশ্ব

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কার পর চলন্ত গাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কার পর চলন্ত গাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ভেতরে পুড়ে ছয় বন্ধুর মৃত্যু হয়েছে। মহাসড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন ছয় যুবক। সোমবার সকালে পানিপথ-খতিমা জাতীয় মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ভারতের হরিয়ানা রাজ্যের হাসি এলাকার দুটি গ্রামের বাসিন্দা।

সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরনগর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এরপর মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গাড়ির ভেতরে থাকা ছয় বন্ধু বের হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই তাঁরা দগ্ধ হয়ে মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাঁদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল আপন দুই ভাই। আমান, অজয় ও একজন অঙ্কিত শিক্ষার্থী ছিলেন। অন্য তিনজন বিভিন্ন স্বনির্ভর পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে, পরিবারের কাউকে কিছু না জানিয়েই রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন ছয় বন্ধু। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে তাঁদের হরিদ্বার যাওয়ার পরিকল্পনা ছিল। দীপাবলির উৎসব শেষ করে তাঁরা একসঙ্গে এই যাত্রা শুরু করেন। তবে তাঁদের সেই আনন্দভ্রমণ পরিণত হয় ভয়াবহ মৃত্যুযাত্রায়।

নিহত সাহিলের বাবা সোম কুমার জানান, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে। দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে হুন্দাই অরা মডেলের গাড়িটি নিয়েছিলেন সাহিল। এরপর বন্ধুদের নিয়ে হরিদ্বারের উদ্দেশে রওনা হন তিনি। তবে পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় গ্রামবাসীরা জানান, নিহত ছয়জনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। দীপাবলি উদযাপনের পর তাঁরা একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে গাড়িটির ধাক্কা লাগার পরপরই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গাড়ির ভেতরে থাকা কেউই বের হওয়ার সুযোগ পাননি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি ছয়জনের মরদেহও মারাত্মকভাবে দগ্ধ হয়। মরদেহগুলোর অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে প্রাথমিকভাবে তাঁদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

এদিকে ছয় যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁদের নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। নিহতদের মরদেহ বাড়িতে ফিরিয়ে আনতে কয়েকটি পরিবারের সদস্য ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের উদ্দেশে রওনা হয়েছেন। একসঙ্গে হরিদ্বারে পুণ্যস্নান করতে বের হওয়া ছয় বন্ধুর এমন করুণ মৃত্যুতে দুই গ্রামেই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।