সারাবিশ্ব

ট্রাম্পের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করেছিল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

ট্রাম্পের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করেছিল ভারত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ও সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য মাসে ৭৫ হাজার ডলার ব্যয়ে একটি মার্কিন লবিং ফার্মকে নিয়োগ দিয়েছিল ভারত সরকার। ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত ওই প্রতিষ্ঠানকে দিয়ে মোদির পক্ষে প্রচারমূলক পোস্টের ব্যবস্থা করা হয়েছিল বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়ারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (ফ্যারা)-এর আওতায় জমা দেওয়া নথিপত্রে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম ও আর্থিক চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফিতে চুক্তি করে ভারত। প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি পোস্ট প্রকাশের ব্যবস্থা করেছিল মারকারি পাবলিক অ্যাফেয়ার্স। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। এ ছাড়া ট্রুথ সোশ্যালে মোদির নাম ও সংশ্লিষ্ট বার্তা প্রচারের উদ্যোগও প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি লবিং প্রতিষ্ঠানও ভারত সরকারের হয়ে কাজ করেছিল। প্রতিষ্ঠানটি গত বছরের মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করে। ফ্যারার নথিতে এসব কার্যক্রমকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এসব ফোনালাপের আয়োজন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে এবং পরবর্তী সময়ে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ায়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস প্রতিষ্ঠানটির সঙ্গে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফিতে চুক্তি স্বাক্ষর করেছিল।

ফ্যারার নথি অনুযায়ী, এসএইচডব্লিউ পার্টনার্স যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে নীতিগত বিষয়ে যোগাযোগ এবং কৌশলগত পরামর্শ দেওয়ার কাজ করত। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলোতে প্রতিষ্ঠানটি ভারত সরকারকে সহায়তা প্রদান করেছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে গত বছরের মে মাসে প্রতিষ্ঠানটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের বৈঠকের ব্যবস্থা করে।

অন্যদিকে, রুবিওর সফরের পর জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের ফোনালাপেরও ব্যবস্থা করা হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ফ্যারা একটি ফেডারেল আইন। এই আইনের আওতায় বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের হয়ে রাজনৈতিক ও লবিং কার্যক্রম পরিচালনাকারী এজেন্টদের নিজেদের কার্যক্রম, চুক্তি এবং আর্থিক লেনদেনের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করতে হয়। ফলে ভারত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লবিং প্রতিষ্ঠানের চুক্তি ও কার্যক্রমের বিস্তারিত তথ্য এসব নথির মাধ্যমে সামনে এসেছে।