জাতীয়

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট-এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তাঁর প্রশ্নে তরুণদের সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং ক্রীড়া সংগঠনগুলোর সমন্বয়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। বিশেষ করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে-এমন ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাম পর্যায়ের শিশু-কিশোর ও তরুণেরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ তৈরি হবে।

এ ছাড়া দেশব্যাপী ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণের জন্য বড় পরিসরে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসারের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টে তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ক্রীড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট ১১ হাজার ৮৮০টি পদ সৃষ্টির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এসব শিক্ষক তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া খাতের উন্নয়ন এবং প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সহ এসব উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, দক্ষ ও ইতিবাচক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।