জাতীয়

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের আধুনিকায়নে ৫০ কোটি টাকা বরাদ্দ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের আধুনিকায়নে ৫০ কোটি টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এ অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যেই দরপত্র (টেন্ডার) আহ্বান করা হবে। সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি নতুন চিকিৎসাসেবা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নতুন পোস্ট-অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং ব্যবস্থা, কিউআর কোডভিত্তিক সেবা এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি। এসব উদ্যোগের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছেন। তাঁদের কাজের পরিবেশ আরও উন্নত করা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হবে জিরো টলারেন্স।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে আরও মানবিক, সহনশীল ও আন্তরিক আচরণ করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে আসা অনেক রোগীই অসহায় অবস্থায় থাকেন। তাই তাঁদের সঙ্গে ধৈর্যশীল ও সংবেদনশীল আচরণ করা চিকিৎসাসেবারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থাকে আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসার মান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে। এ ক্ষেত্রে হাসপাতালগুলোর চাহিদা ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ঘোষিত ৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলে হাসপাতালটির অবকাঠামো ও চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে হাড়, জোড় ও দুর্ঘটনাজনিত আঘাতের চিকিৎসা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল-স্ট্রাকচার ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান অবস্থা ও সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে অনেক সুযোগ-সুবিধা রয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব সীমাবদ্ধতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।