জাতীয়

স্যানিটেশন ও নিরাপদ পানিতে সার্কের সাত দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

স্যানিটেশন ও নিরাপদ পানিতে সার্কের সাত দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থাপনায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশের প্রতিটি মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের সব মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় কমিউনিটিভিত্তিক ও পরিবারকেন্দ্রিক পানির সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ পানির সুবিধা প্রাপ্তির হার এক রকম নয়। কোনো কোনো এলাকায় এ সুবিধার আওতা ৭৪ শতাংশ, আবার কোথাও তা ৮৮ শতাংশ। অঞ্চলভেদে এই ব্যবধান থাকলেও সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে নতুন নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি বিদ্যমান কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে।

এর আগে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের নিরাপদ পানি সরবরাহ নিয়ে সরকারের একটি বড় প্রকল্পের কথা তুলে ধরেন।

তিনি জানান, রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য নির্ধারিত এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য শিরীন সুলতানা দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানির সংকট এবং পানিতে আর্সেনিক, অতিরিক্ত আয়রনসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব ঝুঁকি মোকাবিলায় বিনামূল্যে পানির গুণগত মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা সম্পর্কেও জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ পানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে যেসব এলাকায় আর্সেনিক, আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানের কারণে সুপেয় পানির সংকট রয়েছে, সেসব এলাকায় নিরাপদ পানির বিকল্প উৎস তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত সব মানুষের জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি কমানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।