জাতীয়

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব সংস্থার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে বিভিন্ন অপরাধ ও অনিয়মের অভিযোগে তদন্তের পর সংস্থাগুলোর বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদে দেওয়া লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন অনিয়মের কারণে এসব এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্তাবলি অমান্য এবং এনজিওবিষয়ক ব্যুরো থেকে জারি করা আইনানুগ নির্দেশনা অনুসরণ না করা। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (লেটার অব ইনটেন্ট-এলওআই) দাখিলের মতো গুরুতর অনিয়মের অভিযোগও রয়েছে। এসব অপরাধের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করে নিবন্ধন বাতিল ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরো দেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সংস্থাটি নিজস্ব নীতিমালা এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে নতুন এনজিওর নিবন্ধন প্রদান, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং প্রকল্পের সার্বিক বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকি করে থাকে।

মন্ত্রী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বিদেশি অনুদানপুষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয় করে আসছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এসব সংস্থার অবদানও গুরুত্বপূর্ণ।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় এনজিওগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই রাষ্ট্র গঠনের বিভিন্ন ক্ষেত্রেও এসব সংস্থার ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এনজিওগুলোর ইতিবাচক ভূমিকা থাকলেও অনিয়ম, অর্থ আত্মসাৎ কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।