সারাদেশ

কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে ছাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চন্দ্রা বাসস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ এতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাঁদের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং যানবাহনটি পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনে আজমেরী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।