সারাদেশ

শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি মাদ্রাসার বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাটের আগে রেলবিট এলাকা অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা সবাই কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে শিক্ষাসফরে যাচ্ছিলেন।

দুর্ঘটনাকবলিত বাসটি বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের বহন করছিল। একই শিক্ষাসফরে অংশ নেওয়া অন্য একটি বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ দুর্ঘটনায় নিহত দুজন হলেন মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীরা পানিতে আটকা পড়েন। এ সময় স্থানীয় বাসিন্দারা এবং পাশের একটি ইটভাটার শ্রমিকেরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে কেরানীহাটসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।