জাতীয়

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনটি দেশের ইতিহাসে শত্রু ও মিত্রকে চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনো তা বন্ধ হয়নি। তাই দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে পরনির্ভরশীল বা তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল, তাদের ষড়যন্ত্র সিপাহি-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছিল। তবে ষড়যন্ত্রকারীদের তৎপরতা পরবর্তী সময়েও থেমে থাকেনি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, পরবর্তী সময়ে জোটবদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় সেনা হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন থাকতে হবে। তরুণ সমাজ যদি জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তরুণরা বারবার নিজেদের দৃঢ় অবস্থানের প্রমাণ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের মধ্যে থাকা মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে জাতীয় উন্নয়ন ও রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে দল-মতনির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।