জাতীয়
বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। মাদ্রাসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুদিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিন আজ শুক্রবার। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।
এ ছাড়া সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়।