সারাদেশ
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের সন্তান রুবিনা ফেরদৌসী। তার এ নিয়োগের খবরে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এর আগে রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাঁকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
রুবিনা ফেরদৌসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল গনির একমাত্র কন্যা। তার গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা বাবার আদর্শ ও অনুপ্রেরণায় সরকারি চাকরিতে যোগদানের পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তার এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে শাজাহানপুর উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন নারী হিসেবে তার এ অর্জন পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। একই সঙ্গে তার সাফল্য তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষা, সরকারি চাকরি ও দেশসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
রুবিনা ফেরদৌসীর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন শাজাহানপুর উপজেলাবাসী। একই সঙ্গে তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তারা।