সারাদেশ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের হামলায় নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে এ সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ করা এক লাখ টাকা আর্থিক সহায়তা তাঁদের হাতে তুলে দেন তিনি।
এদিকে, মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে নিহত তৌফিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের সান্ত্বনা দেন।
মন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, সরকার সব সময় তাঁদের পাশে থাকবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তৌফিক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কথাও জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলায় প্রাণ হারান পোশাকশ্রমিক তৌফিক হোসেন। তাঁর মৃত্যুর পর অসহায় হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।