সারাদেশ
আমির হামজার হলফনামায় তথ্যের অসংগতি, প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনি হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন সিরাজুল ইসলাম নামের এক ভোটার।
মঙ্গলবার ৩ নভেম্বর বিকেলে নির্বাচন কমিশনে জমা দেওয়া আবেদনে আমির হামজার ব্যাংক হিসাব, নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর সম্পদ, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া থেকে আয়, গাড়ির মূল্য, পারিবারিক ব্যয় এবং নির্বাচনি ব্যয়ের হিসাব নিয়ে আপত্তি জানানো হয়েছে।
আবেদনকারীর দাবি, নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে আমির হামজার আয়কর রিটার্ন ও অন্যান্য নথির বেশ কিছু অমিল রয়েছে। বিশেষ করে ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ এবং নগদ অর্থের বিবরণে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়, আয়কর রিটার্নে ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হলেও সংশ্লিষ্ট সময়ে ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার তথ্য পাওয়া গেছে। একইভাবে নির্বাচনি হলফনামায় উল্লেখ করা নগদ অর্থের পরিমাণের সঙ্গে আয়কর রিটার্নে প্রদর্শিত অর্থের পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া আমির হামজার স্ত্রীর আয়কর রিটার্ন, তার নামে থাকা কৃষি ও অন্যান্য সম্পদ এবং কুষ্টিয়া শহরে সংসদ সদস্যের নিজের নামে থাকা একটি আবাসিক প্লটের তথ্য যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আবেদনকারী।
সংসদ সদস্যের ব্যবহৃত গাড়ির মূল্য, বাড়িভাড়া থেকে আয়, পারিবারিক ব্যয় এবং নির্বাচনি প্রচারণায় ব্যয়ের হিসাবেও অসংগতির অভিযোগ আনা হয়েছে। হলফনামায় উল্লেখ করা স্বর্ণের পরিমাণ ও অন্যান্য সম্পদের বিবরণ নিয়েও আপত্তি জানিয়েছেন সিরাজুল ইসলাম।
এসব অভিযোগের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১(৫) ধারা অনুযায়ী নিরপেক্ষ ও আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে একই আদেশের ৯১(২) ধারা অনুযায়ী নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা, নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।
আবেদনের সঙ্গে আমির হামজার নির্বাচনি হলফনামা, আয়কর রিটার্ন, তার স্ত্রীর আয়করসংক্রান্ত কাগজপত্র, নির্বাচনি ব্যয়ের বিবরণী, গাড়ির নিবন্ধনসংক্রান্ত নথি এবং অন্যান্য সম্পত্তির দলিল সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী।
সিরাজুল ইসলাম বলেন, ‘আমি কুষ্টিয়া-৩ আসনের একজন ভোটার ও সচেতন নাগরিক হিসেবে এ অভিযোগ করেছি। আমির হামজার নির্বাচনি হলফনামায় বেশ কিছু বিষয়ে অসংগতি রয়েছে। এসব তথ্য সবার সামনে উন্মুক্ত হওয়া এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
এ বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।