রাজধানী

মিরপুরে নবনির্বাচিত মহানগর উত্তর বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

মিরপুরে নবনির্বাচিত মহানগর উত্তর বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে রাজধানীর মিরপুরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাওলা গোলাপের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার ৩ নভেম্বর মিরপুর কলেজ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রূপনগর আবাসিক এলাকার ৩৯ নম্বর সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ মিছিলে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ মিরপুর ও রূপনগর এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের প্রায় আড়াই থেকে তিন হাজার নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটি গঠনের মধ্য দিয়ে রাজপথের আন্দোলন ও সংগ্রাম আরও বেগবান হবে। এই নেতৃত্ব বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এ সময় গোলাম মাওলা গোলাপের নেতৃত্বে দলের যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে আগের মতোই রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।