সারাবিশ্ব
ট্রাম্পকে ‘বিপজ্জনক বর্জ্যের’ ডাস্টবিনে ফেলল ইরানি দূতাবাস, মিম ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর তাকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিম ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। ভিডিওতে চারজনকে ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার ডাস্টবিনে ফেলে দিতে দেখা যায়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল প্রকাশের পর ইরানি দূতাবাসের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এটি। এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।
ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানের পক্ষ থেকে এমন মিম প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর ইরানি দূতাবাসগুলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন মিম প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কটাক্ষ করে আসছে।
এর আগে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি প্রকাশ করেছিল। ছবিতে ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে ট্রাম্পকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।
এ ছাড়া সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি মিম ব্যবহার করে ট্রাম্পকে কটাক্ষ করে। ওই পোস্টে সামনে নির্বাচন আসছে উল্লেখ করে ট্রাম্পের উদ্দেশে জানতে চাওয়া হয়েছিল, তার পরিস্থিতি কেমন যাচ্ছে।