সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এ পদে বসবেন ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস। ২০২৭ সালের জানুয়ারিতে স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে তার সামনে এ সুযোগ তৈরি হতে পারে। তবে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য ও নতুন নেতৃত্বের দাবি সামাল দেওয়াই হবে তার অন্যতম বড় চ্যালেঞ্জ।
বুধবার ৪ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৩ সালে প্রতিনিধি পরিষদে যোগ দেওয়ার পর থেকেই হাকিম জেফরিসকে ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেন দলের কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতা। তাদের লক্ষ্য ছিল, ন্যান্সি পেলোসি অবসরে গেলে তার উত্তরসূরি হিসেবে জেফরিসকে স্পিকার পদে প্রতিষ্ঠিত করা। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার সেই লক্ষ্য পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্পিকার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তরাধিকার নির্ধারণের সাংবিধানিক তালিকায় ভাইস প্রেসিডেন্টের পরই থাকবে হাকিম জেফরিসের অবস্থান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পালন করবেন তিনি।
তবে দলের বামপন্থী ও সমাজতান্ত্রিক ঘরানার নেতাদের সমর্থন ধরে রাখা তার জন্য সহজ হবে না। স্বাস্থ্যসেবা, অভিবাসন ও ইসরায়েল ইস্যুতে জেফরিসের মধ্যপন্থী অবস্থান নিয়ে দলের একাংশের আপত্তি রয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের নেতাদের সঙ্গে নতুন প্রজন্মের মতপার্থক্যও সামাল দিতে হবে তাকে।
হাকিম জেফরিসের পরিকল্পনার মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, ন্যূনতম মজুরি বাড়ানো, সুপ্রিম কোর্টের জন্য কঠোর নৈতিক আচরণবিধি প্রণয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণ। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করার পরিকল্পনাও রয়েছে তার। তবে দলের অভ্যন্তরে বিভাজন তৈরি করতে পারে, এমন ইস্যুতে অপ্রয়োজনীয় ভোটাভুটি এড়িয়ে জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বিষয়কে অগ্রাধিকার দিতে চান তিনি।
ব্রুকলিনের বাসিন্দা হাকিম জেফরিস ২০১৩ সালে কংগ্রেসে যোগ দেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার অভিশংসন প্রক্রিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। ২০২২ সালে দলের নেতা হওয়ার পর থেকে ডেমোক্রেটিক পার্টির অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন জেফরিস।
সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নির্বাচনে ৮৫ শতাংশ ভোট গণনা শেষে হাকিম জেফরিস পেয়েছেন ৭৮ দশমিক ৯৩ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লুইস মিজরাহি পেয়েছেন ১৯ দশমিক ৬৭ শতাংশ ভোট।
সূত্র: সিএনএন, এপি