সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের আগেই শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের আগেই শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা। বুধবার সকালে পদ্মার মোড়ে জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ দুই দফায় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

বুধবার ৪ নভেম্বর সকালে এ ঘটনা ঘটে। তবে ছত্রভঙ্গ হওয়ার পরও শ্রমিকদের অনেকে আশপাশের বিভিন্ন গলি ও সড়কে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার পর সকাল ৮টা ৩৫ মিনিটে পদ্মার মোড় ও হেমায়েতপুর এলাকার আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেড, সামশ স্টাইলিং ওয়্যার লিমিটেড, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, পদ্মা ক্যান্স লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, অবনী নিট ওয়্যার লিমিটেড এবং জিন্স ম্যানুফ্যাকচার লিমিটেড।

এ ছাড়া ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ও পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড নামে আরও দুটি কারখানায় কর্মবিরতি চলছে।