সারাদেশ

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠিয়ে বিপাকে পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠিয়ে বিপাকে পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
ছবি: সংগৃহীত

স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) পারভেজকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীর অভিযোগ, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে প্রায় নয় মাস আগে বাবার বাড়িতে চলে যান তিনি।

এজাহারে বলা হয়েছে, বিয়ের পর স্ত্রীর অজান্তে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন পারভেজ। পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

বাদীর অভিযোগ, পারভেজ তার ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব ছবি ও ভিডিও পাঠান। পরে দুজনের যোগসাজশে তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। এমনকি হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও তাকে চাপ দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী বলেন, মামলার এক নম্বর আসামি পারভেজ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।