সারাদেশ
সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা
ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন জসিম অভিযোগ করেন, দলের অভ্যন্তরে একটি সিন্ডিকেট নিজেদের পছন্দ অনুযায়ী কমিটি গঠন করছে। এতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এর প্রতিবাদে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জসিম জানান, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় পদ ছাড়লেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিনা কারণে বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি একটি গোষ্ঠী ফেনীর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
এ সময় ফেনীর বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন জাকির হোসেন জসিম।