খেলা
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩০ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল মারা গেছেন। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (২ নভেম্বর) এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচে গুরুতর আহত হন দে মিগেল। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওনোর সঙ্গে সংঘর্ষের পর মাঠে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচের ওই সময়ে লম্বা পাস ঠেকাতে নিজেদের বক্সের বাইরে ছুটে আসেন আন্দোরার গোলরক্ষক ওনো। বল ক্লিয়ার করতে গিয়ে তার হাঁটু দে মিগেলের বুকে আঘাত করে। এতে মাঠে পড়ে যান টেনেরিফের এই স্ট্রাইকার।
পরে মাঠেই পাঁচ মিনিটের বেশি সময় ধরে তাকে চিকিৎসা দেন মেডিকেল দলের সদস্যরা। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
দে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে টেনেরিফ। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘গভীর বেদনা, ভারাক্রান্ত হৃদয় এবং এই সত্য মেনে নিতে না পারার অনুভূতি নিয়ে সিডি টেনেরিফ জানাচ্ছে, হেসুস দে মিগেল আলামেদা আর নেই। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই, এই দুঃখ উপশম করার মতো কিছুই নেই।’