খেলা

‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
ছবি: সংগৃহীত

টানা নয়টি মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়ে একাধিক অনন্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটি ছাড়ার বহু বছর পরও তার অর্জন আলোচনায় রয়েছে। এবার সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নিয়ে সমর্থকদের ভোটাভুটিতে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ এই তারকা। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক মঞ্চ থেকে আয়োজিত সমর্থকদের এই ভোটে রোনালদোর ২০০৮ সালের পারফরম্যান্স সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম হিসেবে নির্বাচিত হয়েছে।

‘বোট’ নামে পরিচিত এই উদ্যোগটি ছিল সাধারণ সমর্থকদের অংশগ্রহণে একটি উন্মুক্ত ভোটাভুটি। এটি কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়। এই আয়োজনে অর্থের বিনিময়ে একাধিকবার ভোট দেওয়ার সুযোগও ছিল।

বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই ভোটের উদ্দেশ্য ছিল ফুটবল ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নেওয়া। প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ছিলেন লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা।

ভোটের ফলাফলে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে মোট ভোটের ৭৫ শতাংশ। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা মেসির ২০১২ সালের মৌসুম পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট।

এ ছাড়া রিয়াল মাদ্রিদে খেলার সময় ২০১৭ সালে রোনালদোর ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি ৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।

২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রোনালদো। ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেন তিনি।

দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পাশাপাশি ইউরোপীয় গোল্ডেন বুটও জিতেছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

সূত্র, ইয়াহু স্পোর্টস।