রাজধানী

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

পুলিশ জানায়, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এ মুহূর্তে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।