রাজধানী

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম

তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার একদিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার কর্তব্যরত কর্মকর্তা শাহীনুর জামান এ তথ্য জানান।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, তাহসিফ সপরিবার রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর। মরদেহের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। তার মুখে হালকা দাড়ি ছিল। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

জানা গেছে, ২০২৪ সালের ২৮ আগস্টের আশপাশের সময়ে তাহসিফসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।