সারাদেশ

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি এমপি আজিজের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি এমপি আজিজের
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর নিয়ে গঠিত নাটোর ৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর এলাকায় তাকে ঘিরে আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে সংসদ সদস্যের দাবি, ভিডিওগুলো বানোয়াট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়ে থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সংসদ সদস্য আব্দুল আজিজ খাটের ওপর লুঙ্গি পরা অবস্থায় খালি গায়ে শুয়ে আছেন। এ সময় এক নারীর কণ্ঠে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা শোনা যায়।

ভিডিওগুলো ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।’

বুধবার সকালে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। দলের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দল ও সংসদ থেকে বহিষ্কারের পাশাপাশি পদত্যাগের দাবি জানান। কয়েকজন নেতাকর্মী ঘটনার প্রতিবাদে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের ঘোষণাও দেন।

বড়াইগ্রামের বনপাড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে সংসদ সদস্য আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়ে লাগানো তার ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব বিলবোর্ড দলের নেতাকর্মীরাই ভাঙচুর করেছেন বলে জানা গেছে।

সংসদ সদস্যের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন, তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করেন, সেজন্য আমি আহ্বান জানাব।’

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।’