সারাদেশ
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়াসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তাঁদের হেফাজত থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক গ্রাম ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলো, খেজুরতলা গ্রামের মৃত ফকির মণ্ডলের ছেলে ও নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান (৫৫) এবং মো. রেজাউল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭),
বেলগাছি গ্রামের শাখের আলী মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪) ও আব্দুর রহিমের ছেলে সৈকত আহম্মেদ (২১)। তাদের সবার বাড়ি আলমডাঙ্গা উপজেলায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মো. সজিবের (২৬) একতলা আধাপাকা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটককরা হয়।
আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়ার পাশাপাশি মাদক সেবনে ব্যবহৃত গ্যাস লাইট, সিগারেট, চামচ ও চপস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নম্বর-১৪২, তারিখ ২৮ অক্টোবর ২০২৬, দায়ের করা হয়েছে। পরে আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।