জাতীয়
দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
অদক্ষ শ্রমিক নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, দক্ষতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রান্তিক শক্তি লিমিটেডকে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা বন্ধে সরকারের অবস্থান তুলে ধরেন।
মন্ত্রী বলেন, অবৈধ পথে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পাশাপাশি পরিবারের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বৈধ পথে যাওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করা উচিত।
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে আরিফুল হক চৌধুরী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এই একাডেমি পরিদর্শন করেছেন। এখানকার প্রশিক্ষণ কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তাঁরা অভিভূত হয়েছেন। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে দেশে কাজ করতে যাবেন, সেই দেশের আইনকানুন ও নিয়মনীতি মেনে চলতে হবে। নিজেদের আচরণ, কর্মদক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে। কয়েকজন কর্মীর অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে যেন পুরো দেশ এবং তাঁদের পরিবারের সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ও হয়রানির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বা প্রতারণার চেষ্টা করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আনসার ও ভিডিপির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এই বাহিনীর শৃঙ্খলা, কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ তাঁকে আশাবাদী করেছে। দক্ষ জনশক্তি তৈরি এবং দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য সরকারের পক্ষ থেকে আনসার ও ভিডিপির প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের পিছিয়ে পড়া উপজেলাগুলো চিহ্নিত করে সেখানকার নারী-পুরুষদের যুগোপযোগী প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে গড়ে তুলতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিকল্পিতভাবে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করাও সহজ হবে।