রাজনীতি

সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

সরকারের সমালোচনা করার কারণে কাউকে গ্রেপ্তার করা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য করার অভিযোগে ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের সমালোচনা করা কোনো অপরাধ হতে পারে না। এ ধরনের মন্তব্যের জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হলে তা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আখতার হোসেন। জাতীয় নারীশক্তি এ মানববন্ধনের আয়োজন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার অভিযোগে গ্রেপ্তার সাথী আক্তারের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

বক্তব্যে আখতার হোসেন বলেন, বিএনপি সরকার গঠনের পর গত আট মাসে দলটির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সহিংসতায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তাঁর মতে, এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে। তবে এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, একদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে, অন্যদিকে সাথী আক্তার ও আশরাফ উদ্দিন স্বজলের মতো ব্যক্তিরা ‘চব্বিশের আন্দোলন করে ভুল করেছিলাম’ বলে আক্ষেপ প্রকাশ করলে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারের সমালোচনা বা কোনো বিষয়ে হতাশা প্রকাশের কারণে নাগরিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সাথী আক্তার ও আশরাফ উদ্দিন স্বজলের মুক্তির দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এ দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে আখতার হোসেন আরও বলেন, একদিকে সরকারের একজন মন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিচ্ছেন, অন্যদিকে একজন সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা ও লুটপাটের অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষায়, এ ধরনের ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, সংগঠনটির সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। বক্তারা সাথী আক্তারের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।